আমার অভাগা দেশে, হিজিবিজি জীবনের রূপ,
রুটি নেই, রুজি নেই, চারদিকে মরণের কূপ।
অপুষ্টির কোলে বসে বেড়ে ওঠে এইখানে শিশু,
প্রথম জন্মদিনের মুখ দেখা সৌভাগ্যের কিছু।
রোগ, সে তো ইচ্ছে মত খুরে খায় মানুষের প্রাণ,
বেআইনী মানব হত্যায় সে যে, ব্যস্ত পেরেশান।
এদেশে জন্ম যেন আজন্ম পাপ, মানব জীবনে,
অন্যকে দু'পায়ে দলে, বাঁচার সংগ্রাম সবখানে।
অসময়ে তারাখসা বাংলাদেশে স্বাভাবিক রূপ,
বাঁচাটাই দুর্ঘটনা, জ্বলে সদা আগরের ধূপ।
হীরক রাজার দেশে, রাখে আল্লা, মারে আবার কে?
কোটি কোটি লোক, বেঁচে আছে তাই, মগের মুল্লুকে।
পরতে পরতে গিজগিজ করে, ছিন্নমূল লোকে,
বেঁচে আছে সবে, বড় কষ্ট সহে, আশাহত বুকে।
সহস্র মড়ক বেয়ে প্রতিদিন বাড়ছে মানুষ,
তরণীটা ডুবু ডুবু একটুও নেই কারো হুশ।
হে বাঙালি, জীবনের পথ চলো, গণিত কষিয়া,
আল্লাহ তাদের সাথী, সদা যারা চলে হিসাবিয়া।
রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬),
রেঙ্গা দাউদপুর, সিলেট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন