১
পদ্মপুকুরের অন্ধকার তলায়, গভীর জলায়,
বাস করে কচ্ছপের দল।
বারটা মাস, সংগোপনে সাবাড় করে মাছ,
সযতনে আঁধারে সচল।
২
কচ্ছপেরা চরে বেড়ায় এদেশের শিরায় শিরায়,
সাবধানে সর্পমাথা বের করে, হাটে ভারী পায়।
যায় যায়, মহানন্দে কচ্ছপের দিন বয়ে যায়।
৩
কচ্ছপে কচ্ছপে ভরে গেছে আজ সারাদেশ।
শক্ত লৌহবর্মে সুরক্ষিত ওরা, হয় না কবু শেষ।
৪
তৈলাক্ত সর্বাঙ্গ জুড়ে, আরসিসি ঢালাই দুর্মর,
কৈ মাছের প্রাণ ওরা, আয়ুষ্কাল আড়াই শ বছর।
লৌহদুর্গে কচ্ছপেরা সুখে করে জীবন ভ্রমণ।
বাংলাদেশ আজ সব কাছিমের অভয়াশ্রম।
রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন