১
মেঘের উপরে আমি মহানন্দে কাটবো সাঁতার,
মেঘের যে কালনিরা নীলাকাশে ঘুরে বারবার।
বাতাসে ডানামেলে পরীর মতো উড়ে সন্ সন্,
বক, পায়রা, কোকিল, প্রজাপতি, চিলের মতন।
২
এই মেঘ আজন্ম আমারে করে উম্মনা অধীর,
নিরস বিশ্বে ছড়ায় মায়া মায়া রূপালি আবির।
এই মেঘে মেঘে উড়বো আমি, কাটবো সাঁতার,
তারপর, বৃষ্টি হয়ে ঝরবো এই পৃথিবীর পার।
৩
ধূয়ে দেবো মাটি, মেটো পথ, আবর্জনা সব,
আল্লার রহমত হবো, একটানা ঝরবো নীরব।
আমি শস্যের মাঠে ফোটাবো শ্যামল হাসি,
রক্ত পানি করা চাষিদেরে যাবো ভালোবাসি।
৪
আমি উজ্জল করে দেবো শহরের পীচঢালা পথ,
পল্লীর কূড়েঘর, ঘাসে ভরা উঠোন, দেবতার রথ।
ধূয়ে দেবো, বহুদিনের জমানো দুর্গন্ধভরা ড্রেন,
বহুকাল যার বুকে পচা মাছি করতো ভেন্ভেন্।
৫
সাফ করে দেবো, ময়লা আবর্জনা মেথরের মতো,
আমি বৃষ্টির জল হবো, আমি হবো মানবসেবায় রত।
আমি ধুয়ে দেবো, কারখানার শ্রমিকের কালো হাত,
আমি এনে দেবো পৃথিবীতে পূর্ণিমার রূপালি রাত।
৬
বস্তির ছেলেটি আচল ভরে করবে আমারে পান,
টপ টপ সুরে গাইবো আমি মানবপ্রেমের গান।
বৃষ্টি হবো, আমার রসে জন্মাবে বৃক্ষ-লতা-ঘাস,
আমাকে পান করে প্রাণিকূল বাঁচবে বারমাস।
৭
আমার বর্ষণ ধারায় সবে করবে মধুর স্নান,
আমার বর্ষণ ধারায় সবে করবে মধুর স্নান,
প্রশান্তির শীত আমি, দয়াময় আল্লার দান।
আমাকে বিলিয়ে দেবো, করবে সবে পান,
নিসর্গ অরণ্য, বৃক্ষ, প্রাণী, আদম সন্তান।
৮
আমি মেঘ হবো, বৃষ্টি হয়ে নামবো ধরায়,
ফুটাবো জীবন উদ্যান, মরুর সাহারায়।
সব গ্লানি কাঁধে করে নিয়ে যাবো সাগরের বুকে,
ফিরবো মেঘ হয়ে, বৃষ্টি হয়ে নামবো ভূলোকে।
৯
মৃত্যুর পর যদি আবার আসতে হয় ধূলির ধরায়,
তবে রাজা নয়, মন্ত্রী নয়, বৃষ্টি হবার আছি কামনায়।
আর মানুষ নয়, হবো আমি স্বচ্ছ বৃষ্টির জল,
উড়বো, বইবো, ঝরবো, পৃথিবীকে রাখবো সচল।
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন