চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
একশত তেষট্টিঃ
একশত তেষট্টিঃ
রূপে রূপে সারাবিশ্ব সাজাই তুমি দিলা
রূপে রূপে
সারাবিশ্ব সাজাই তুমি দিলা,
রূপ দেখিবার
জন্য বিধি, আদম সৃজিলা।
ও বিধিরে বড় আদরে, আদম সৃজিলা।
ভূগোল সুন্দর, খগোল সুন্দর, সুন্দর গীরিবন,
দ্বীপ সুন্দর, নদী সুন্দর, সুন্দর ত্রিভূবন,
আদমের নয়নে বিধি, এত রূপ বরষিলা।
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা।
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা।
ঘাস সুন্দর, বাঁশ সুন্দর, সুন্দর মরুবালি,
ফল সুন্দর, ফুল সুন্দর, সুন্দর অংশুমালী,
ইন্দু সুন্দর, সিন্ধু সুন্দর, সুন্দর গীরি টিলা।
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা।
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা।
ঝিলে বিলে শাপলা হাসে, রূপের নাই শেষ,
সুন্দরে সুন্দরে
ভরা সারা বাংলাদেশ,
শীতে পরিযায়ী উড়ে, লেকে করে খেলা।
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা।
সুন্দরের
প্রেমিক আমি, সুন্দর পুজারী,
সুন্দরে চোখ রেখে জীবন দিলাম পাড়ি,
বসন্তে ভ্রমর উড়ে, রঙ্গে কুসুম মেলা।
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা।
দেশবিদেশে কত শোভা বিধি রেখেছো সাজাই,
অনেক দেখার, অনেক শেখার, রয়েছে ছড়াই,
ঋতুচক্রের মধুস্রোতে, চলে যায় রে বেলা।
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা।
ইসফাক কুরেশি কয়, শুনো রে মানুষ,
জীবন ভীষণ ফাঁকা।
তাড়াতাড়ি সেরে ফেলো দুনিয়ার রূপ দেখা,
তাড়াতাড়ি সেরে ফেলো দুনিয়ার রূপ দেখা,
ও যাযাবর, বন্ধ হবার, আগেই পথচলা।
রূপে রূপে সারাবিশ্ব সাজাই তুমি দিলা,
রূপ দেখিবার জন্য বিধি, আদম সৃজিলা,
ও বিধিরে বড় আদরে, আদম সৃজিলা।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন