মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

কিসের স্বপ্ন দেখরে মন মাটির ঘরে বইয়া

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত বিশঃ 
কিসের স্বপ্ন দেখরে মন, মাটির ঘরে বইয়া

কিসের স্বপ্ন দেখরে মন বইয়া মাটির ঘরে,
হঠাৎ তোমার নরম ঘরটা ভেঙ্গে যদি পড়ে।

বাঁশের ঘরে উঁই ধরেছে, ঘুনে খাইছে তারে,
হাজার হাজার জীবানুরা কাটছে বারে বারে।
কিসের স্বপ্ন দেখরে মন বইয়া মাটির ঘরে।

ঝড়-তুফানে বজ্রপাতে, ঘরে তরতর করে,
একটা সেকেন্ড নেই ভরসা, কখন যাবে পড়ে।
কিসের স্বপ্ন দেখরে মন বইয়া মাটির ঘরে।

ঈসানকোনে কালো মেঘের সদাই আনাগোনা,
গাঙ্গে কখন ভাঙ্গে বসত, কেউ তা জানে না।
কিসের স্বপ্ন দেখরে মন বইয়া মাটির ঘরে,
হঠাৎ তোমার নরম ঘরটা ভেঙ্গে যদি পড়ে।

ইসফাক কয়, জলদি রে মন, মিটাও মনের আশা,
না জানি কখন, নিঠুর মরণ, আসবে সহসা।
কিসের স্বপ্ন দেখরে মন বইয়া মাটির ঘরে,
হঠাৎ তোমার নরম ঘরটা ভেঙ্গে যদি পড়ে।
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা,সিলেট
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন